স্কুল-কলেজ খুলে দেয়ার ব্যবস্থা হচ্ছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক।।
মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এরই মধ্যে আমি স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি। শিক্ষকদের টিকাও দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পাশাপাশি একেকটা স্কুল-কলেজে কর্মরত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সবাইকে যেন টিকা দেওয়া হয়, সে ব্যবস্থা নিচ্ছি। বিভিন্ন সংস্থা ও স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে যারা কাজ করে যাচ্ছে শুধু তাদের নয়, তাদের বাড়ির কাজের লোকজন, তাদের পরিবারের চালকসহ অন্য সবাই যেন টিকার পায়, সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনাগুলো মেনে আমাদের স্কুলের ছেলেমেয়েদের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। যার জন্য কিছু ফাইজারের টিকা এরই মধ্যে দেশে এসে পৌঁছাছে। আরও পৌঁছাবে।’