প্রেমের টানে পালিয়ে বিয়ে দুই মাস পরে লাশ হলো কিশোরী নববধু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটায় স্বামীর অত্যাচার সইতে না পেরে সাথী আক্তার (১৭) নামের এক কিশোরী নববধুর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) রাত দশটায় পৌর শহরের পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই নববধুর গলায় ফাস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী জাহিদুল ইসলাম (২৭)কে জিজ্ঞাসাবাদরে জন্য আটক করেছে পুলিশ। মৃত সাথী আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের হারুন সরদারের মেয়ে।

হারুন সরদার জানান, প্রায় দুই মাস আগে সাথী তার পরিবারের কাউকে না জানিয়ে পটুয়াখালীর জাহিদুলকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই জাহিদুল তাকে বিনা কারণে অত্যাচার করতো। মারা যাওয়ার আগে সাথী তার ডায়রীতে স্বামীর অত্যাচারের কাহিনী লিখে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।