বরিশালে করোনায় আরও ৩ জনের মৃত্যু

রূপালী ডেস্ক।।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ৭৯ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ১১.২৯ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৮৬ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১০ জন রোগী।

একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৬ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

অপরদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত সর্বশেষ রিপোর্টে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ১১.২৯ ভাগ। এর আগে পিসিআর ল্যাবে গত বুধবারের রিপোর্টে ৯.৮৮ ভাগ, মঙ্গলবার ১২.১৪ ভাগ, সোমবার ১১.১৭ ভাগ, রবিবার ১৪.২৮ ভাগ, শনিবার ১৭.৮৫ ভাগ এবং গত শুক্রবার ২০.৭০ ভাগ করোনা শনাক্ত হয়।