ইউটিউব দেখে সাপ ধরতে গিয়ে…

আন্তর্জাতিক ডেস্ক।।
ইউটিউবে সাপ ধরার কৌশল দেখতেন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক যুবক। পরে বাস্তবে সাপ ধরতে গিয়ে ছোবল খেয়েছেন তিনি। ওই যুবককে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

স্থানীয় সূত্রের বরাতে খবরে বলা হয়, রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা সৌরভ পন্ডিত ইউটিউবে সাপ ধরা দেখত। এভাবে সে কয়েকটি জায়গায় সাপ ধরতেও যায়।

সম্প্রতি বোনের বাড়িতে সাপ আছে শুনে তিনি সেটিকে ধরতে যান। সাপ ধরার পর পাত্রে ভরার সময় সেটি তাকে ছোবল দেয়। তবে তার হাতে কোনো দাগ নেই।

ধারণা করা হচ্ছে, কালাচ প্রজাতির সাপ তাকে কামড় দিয়েছে। এই সাপ কামড়ালে কোনো দাগ হয় না। জ্বালা যন্ত্রণাও হয় না। কিন্তু হঠাৎ তলপেটে ব্যাথা শুরু হয়।

উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালসের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, এভাবে প্রশিক্ষণ না নিয়ে বন দপ্তরের অনুমতি ছাড়া সাপ ধরা ঠিক নয়।

সৌরভ জানিয়েছেন, সাপটা কামড়াল কিনা ঠিক বুঝতে পারছি না। তবে ভয় লাগছে।

সৌরভের বাবা নারায়ণ পন্ডিত বলেন, ছেলে মাতব্বরি করতে গিয়ে এসব করেছে। আমার ছেলের সাপ ধরার কোনো প্রশিক্ষণ নেই। কিন্তু এভাবে সাপ ধরতে গিয়ে তার আরও বিপদ হতে পারত।