বরিশালে করোনায় আরও ১ জনের মৃত্যু

রূপালী ডেস্ক।।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সেখানে চিকিৎসাধীন আছেন ৬৬ জন। এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষার রিপোর্টে ১৩.৫১ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, সোমবার (০৬ সেপ্টেম্বর) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৬৯ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে এই ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৯ জন রোগী এবং একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন রোগী। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৬৬ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে সোমবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ১৩.৫১ শতাংশ। এর আগে গত রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে পিসিআর ল্যাবের রিপোর্টে শনাক্তের হার ছিল ২৭.৯০ ভাগ, শনিবার ১০.৩১ ভাগ, শুক্রবার ১৪ ভাগ, বৃহস্পতিবার ১১.২৯ ভাগ, বুধবার ৯.৮৮ ভাগ এবং গত মঙ্গলবার ১২.১৪ ভাগ করোনা শনাক্ত হয়।