ঘরে ঢুকে অনার্স পড়ুয়া মেয়ের ঝুলন্ত লাশ পেলেন মা

অনলাইন ডেস্ক।।
গোপালগঞ্জের মুকসুদপুরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মারুফা সুলতানা (২২) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মারুফা উপজেলার নাওরা কদমপুর গ্রামের সেলিম শেখের ছোট মেয়ে। তিনি সরকারি মুকসুদপুর কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মারুফার মা বাজার করে ৯টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় অনেক ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মারুফাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে মুকসুদপুর থানায় খবর দেন।

মুকসুদপুর থানার ওসি তদন্ত মো. আমিনুর ইসলাম জানান, সংবাদ পেয়ে মুকসুদপুর থানার এসআই আতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের হয়েছে। তবে কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।