ভান্ডারিয়ায় নারী ইউপি সদস্যের স্বামীসহ তিন ইয়াবা কারবারি আটক

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পৃথক অভিযানে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের স্বামীসহ তিন মাদক কারবারিকে ৪৭ পিচ ইয়াবা বহনের দ্বায়ে আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের মীরা বাড়ী সংলগ্ন এলাকা থেকে ইয়াবা বেচাকেনার সময় মোঃ আব্বাস মীর (২৭) ও শাহিন খান (৩৫) কে ২২ পিচ ইয়াবাসহ আটক করে থানা পুলিশ।
আটককৃত আব্বাস মীর উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী বাজার সংলগ্ন ৪ নং ওয়ার্ডের মোঃ আব্দুল জলিল মীরের ছেলে ও গৌরীপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মুন্নি ইসলামের স্বামী এবং আটককৃত মোঃ শাহিন খান একই ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আপরদিকে রাত ৯ টার দিকে পৌর শহরের ১ নং ওয়ার্ডের বেপারী বাড়ির সামনে থেকে আব্দুল হাই সিকদারের ছেলে মোঃ আমির হোসেন সোহেল (৩০)-কে ২৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃত মাদক কারবারি মোঃ আব্বাস ও মোঃ শাহিন খানের বিরুদ্ধে একটি এবং মোঃ আমির হোসেন সোহেলের বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।