ম্যানইউর জার্সিতে দ্বিতীয়বার অভিষেক হচ্ছে রোনালদোর

স্পোর্টস ডেস্ক।।
ইংলিশ প্রিমিয়ার লিগকে (ইপিএল) ফুটবল বিশ্বের সেরা লিগ বলা হয়ে থাকে। সমর্থকদের কাছে ইপিএল মানেই রাত জেগে সেরা তারকাদের পারফরম্যান্স উপভোগ করা। এটি এমন এক টুর্নামেন্ট, যেখানে প্রায় প্রতিটি ক্লাবেই আন্তর্জাতিক ফুটবলের তারকারা খেলে থাকেন। এবার লিগটিতে যেন আরও রঙ নিয়ে এলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় কয়েকদিন আগেই নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন। যা নিয়ে উচ্ছ্বসিত ম্যানইউ সমর্থক থেকে শুরু করে পুরো ইপিএল কর্তৃপক্ষ। জানা গেছে, শনিবার (১১ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে অভিষেক হওয়ার কথা রয়েছে রোনালদোর। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশার। তিনি বলেন, সে (রোনালদো) প্রাক মৌসুমে জুভেন্টাসের সঙ্গে দারুণ সময় কাটিয়েছে। জাতীয় দলের হয়েও সে ইতিমধ্যে ম্যাচ খেলেছে।

আমাদের সঙ্গে দারুণ একটি সপ্তাহ কাটিয়েছে ক্রিশ্চিয়ানো। সে অবশ্যই আজ মাঠে থাকবে এবং নিশ্চিতভাবেই, যোগ করেন তিনি।

গত মাসের শেষ সপ্তাহে জুভেন্টাস থেকে দুই বছরের চুক্তিতে ম্যানইউতে ফেরেন রোনালদো। এর আগে ক্লাবটির হয়ে তিনি ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন। এবার আরও বেশি অর্জন করতে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছেন তিনি।