অর্থ আত্মসাতের অভিযোগ: কলাপাড়ায় ধূলাসার ইউপি চেয়ারম্যানকে আদালতে তলব

কুয়াকাটা প্রতিনিধি, পটুয়াখালী॥
পটুয়াখালীর কলাপাড়ায় ধূলাসার ইউপি চেয়ারম্যান আ: জলিল আকনকে সশরীরে তলব করেছেন আদালত। রবিবার (১২ সেপ্টেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্র জানায়, উপজেলা ধূলাসার ইউনিয়নের মো: অহিদুজ্জামান মৃধা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একই ইউনিয়নের হাজী নুরুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে আদালতে ১১ ফেব্রুয়ারী ২০২১ একটি নালিশী মামলা করেন। আদালত মামলার অভিযোগের বিষয়ে ধূলাসার চেয়ারম্যানকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিনেও চেয়ারম্যান প্রতিবেদন না দেয়ায় আদালত ধূলাসার ইউপি চেয়ারম্যান আ: জলিল আকনকে প্রতিবেদনসহ সশরীরে তলব করেছেন। মামলার পরবর্তী তারিখ আগামী ২২ সেপ্টেম্বর ধার্য রয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া ও মামলার বাদী পক্ষের নিযুক্তীয় কৌশলী অ্যাডভোকেট আ: সত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।