সেনবাগে গৃহবধূ নির্যাতন, স্বামী ও বোন আটক

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক গৃহবধূকে স্বামী-দেবরের নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযুক্ত দুই আসামিকে আটক করে।

আটককৃতরা হলেন, স্বামী আমির হোসেন (৪০) ও তার বোন হাসিনা বেগম। তারা উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর মোহাম্মদীয়া মিয়া বাড়ির মৃত মছিজ উদ্দিনের ছেলে-মেয়ে।রোববার দুপুরে দুই আসামিকে আটক করেছে পুলিশ। এর আগে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর মোহাম্মদীয়া মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রোববার সকাল থেকে গৃহবধূকে নির্যাতনের ভিডিও চিত্রটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গৃহবধূ আমেনা বেগমকে (৩০) বিকেল ৪টার দিকে তার স্বামী আমির হোসেন ও দেবর এরশাদ চুলের মুঠি ধরে লাঠিপেটা, চড়-থাপ্পড়, লাথি, কিলঘুষি দিয়ে গুরুত্বর আহত করেন। গৃহবধূকে নির্যাতনের ১ মিনিট ১৭ সেকেন্ড ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।জানা যায়, আমির ও এরশাদ মাদক ব্যবসা ও ডাকাতিতে জড়িত। ওদের ভয়ে কেউ এসব বিষয়ে প্রতিবাদ করার সাহস পায় না। ঘটনার পর নির্যাতনের শিকার গৃহবধূ বিবি আমেনা তার বাবার বাড়ি পাশের কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, রোববার বিকেলে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে। পরে রোববার সকালের দিকে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তবে ঘটনায় আরেক হোতা দেবর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।ওসি বাতেন আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।