আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ ও তার স্ত্রীকে মারধরের ঘটনায় মামলা

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ ও তার স্ত্রী গুরুতর আহতর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) রাতে আহত বৃদ্ধর দায়ের করা মামলার বরাত দিয়ে থানা পরিদর্শক মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের লোকমান শাহ (৭০) এর সাথে তার প্রতিবেশী মৃত রশিদ খানের ছেলেদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

লোকমানের জায়গা দখল করে দোকান ঘর তোলার পায়তারা করছিল তাঁরা। ওই বিরোধের মধ্যে গত মঙ্গলবার রাতে মৃত রশিদ খানের ছেলে দুলাল খান (৪৫), আহসান খান আপাং (৪০), লিটন খান (৩৫)সহ তাদের লোকজন লোকমানের বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে।

বৃদ্ধ লোকমান শাহ জানান, তাঁরা আমাদের গালমন্দ করায় এর প্রতিবাদ করলে আমাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে তারা। এসময় লোকমানের স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেদম মারধর করে শ্লীলতাহানী ঘটায় হামলাকারীরা।

একপর্যায়ে লোকমান ও তার স্ত্রী তাদের হামলার হাত থেকে বাঁচতে নিজেদের ঘরের মধ্যে গেলে হামলাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা নগদ অর্থও হাতিয়ে নেয় তারা। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বৃদ্ধ লোকমান বাদী হয়ে উল্লেখিত তিন জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রোববার রাতে মামলা দায়ের করেন, যার নং-৬(১২.৯.২১)।

অভিযুক্ত দুলাল খান জানান, লোকমান আমাদের জায়গা দখলে নিতে উল্টো মারধরের ঘটনা সাজিয়ে মামলা দিয়েছে।
পুলিশ আসামীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার।