আগৈলঝাড়ায় চুরি করতে গিয়ে জনতার হাতে যুবক আটক

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক যুবক। বুধবার সকালে তাকে আটক করা হয়।

জানা গেছে, উপজেলার গৈলা বাজারে তন্নীমা মেডিসিন হাউজে ঔষধ চুরি করতে গিয়ে হাতে নাতে আটক করা হয় গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের মৃত হুমায়ুন বেপারীর ছেলে ৩ সন্তানের জনক মাসুম বেপারীকে (৩০)।

তন্নীমা মেডিসিন হাউজের মালিক কুদ্দুস সরদার জানান, গত একসপ্তাহ আগে এই চোর আমার দোকান থেকে দিনে দুপুরে প্রায় ৭০ হাজার টাকার ঔষধ চুরি করে নিয়ে যায়। পরে দোকানে থাকা সিসিটিভির ফুটেজে চোরকে দেখতে পেলেও তখন শনাক্ত করা সম্ভব হয়নি। এই চোর আবার দোকানে এসে ঔষধ নিতে চাইলে তাকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করি। তখন চোর দোকান থেকে বের হয়ে বাজারের মধ্যে দৌড় দিলে বাজারের লোকজন তাকে আটক করে।

গৈলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সুশান্ত কর্মকার বলেন, এই চোর এর আগে একাধিকবার বিভিন্ন দোকানে চুরি করেছে। থানায় খবর দিলে পুলিশ এসে চোর মাসুমকে আটক কনের নিয়ে যায়।

থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আটককৃত চোরের বিরুদ্ধে কোন ব্যবসায়ী মামলা দায়ের না করায় তাকে ৫৫ ধারায় বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।