বরগুনায় কাগজের বাক্সে ফুটফুটে নবজাতক, মুখ স্কচটেপে আটকানো

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার পাথরঘাটায় কাগজের বাক্সের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পাথরঘাটা থানার পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিও করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পাথরঘাটা পৌরসভার বিএফডিসি মৎস্য অবতরনকেন্দ্র সংলগ্ন রাস্তার পাশে দেয়ালের ওপর একটি কাগজের কার্টন দেখতে পান স্থানীয়রা। এটি নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি পাথরঘাটা থানায় জানানোর পরে পুলিশ এসে কার্টনটি খোলে। কার্টন খোলার পর ভেতরে এক নবজাতককে দেখতে পান তারা। নবজাতকের মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিলো।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক আবদুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিশুটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে শিশুটিকে পুলিশ হেফাজতে হাসপাতালের শিশু কেয়ারে চিকিৎসা দেওয়া হচ্ছে।