কাউখালীতে অনিয়মের অভিযোগে ২৮ জনের ভিজিডি কার্ড বাতিল

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
কাউখালীতে ২০২১ অর্থ বছরে হতদরিদ্রদের চাল বিতরণ কার্যক্রমের ২৮ জন ভিজিডি কার্ডধারীকে সদর ইউনিয়ন পরিষদ বাতিল করেছে। সরকারি বিধানে রয়েছে ভিজিডি কার্ড অর্থাৎ হতদরিদ্রদের তালিকায় একবার সুবিধা নিলে, পরের ৬ বছরের মধ্যে আর কোন ভিজিডি কার্ডের তালিকা ভূক্ত হতে পারবে না।

অথচ এলাকার বিড়ালজুড়ীর শারমিন আক্তার, আসপদ্দি গ্রামের ছেনোতাজ বেগমসহ ২৮ জনের নামে বিগত ২ বছরের মধ্যে এরা ভিজিডি কার্ড গ্রহণ করে ২ বছর পর্যন্ত তারা সুবিধা ভোগ করেছেন। অথচ তাদের নামে আবারও ২০২১ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে আতাত করে সুবিধাভোগীর তালিকাভূক্ত হয়েছেন। শুধু তালিকা ভূক্তই নয় তারা ভিজিডি কার্ডের বিপরীতে চালও উত্তোলন করেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ তদন্ত করে সত্যতা খুঁজে পায়। ফলে তাদের কার্ডগুলো বাতিল করে নতুন করে আবারও ২৮ জনের নাম অন্তর্ভূক্ত করে সুবিধা প্রদান করে।

এ ব্যাপারে সদর ইউনিয়ন পরিষদ সচিব আশুতোষ মিস্ত্রী জানান, যখন তাদের অভিযোগ নজরে এসেছে তদন্ত করে তাদের নাম বাদ দিয়ে নুতন নাম অন্তর্ভূক্ত করে তাদেরকে সুবিধা দেয়া হয়।