কাউখালীর জব্দকাঠী খালে ব্রীজে মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
কাউখালী উপজেলার ২ ইউনিয়নের রশি টানাটানিতে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে জব্দকাঠী খালের উপরের ব্রীজটি। ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও ২নং আমরাজুড়ী ইউনিয়নের সংযোগ সড়কের উপর প্রায় দেড়যুগ পূর্বে নির্মিত হয় জব্দকাঠী খালের উপর দুই ইউনিয়নের যোগাযোগের এই ব্রীজটি। এই ব্রীজটি থেকে জব্দকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম।

সীমান্তবর্তী এই ব্রীজটি দিয়ে ২ ইউনিয়নের সেতু বন্ধন তৈরি হয়েছে ব্রিটিশ আমল থেকেই। অথচ দীর্ঘদিন ধরে ২ ইউনিয়নের মধ্যে টানা পোড়নের কারনে ব্রীজটি এখনও আলোর মুখ দেখেনি বলে অভিযোগ করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়।

এলাকাবাসী ব্রীজটি পুন: নির্মাণ ও সংস্কার করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করেও এখন পর্যন্ত সংস্কার কিংবা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেনি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ফলে এই ব্রীজটি থেকে কোমলমতি শিশুরা দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন যাতায়াত করে। চরম ঝুঁকির মধ্যে দিয়ে মৃত্যুকে হাতে নিয়ে শিশুরা প্রতিদিন বিদ্যালয়ের আসা যাওয়া করে বলে জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম। ব্রীজটি বর্তমানে সাইড এঙ্গেল পড়ে গেছে। স্লাব গুলো সম্পূর্ণ ভাঙ্গা ও ব্রীজটি খালের স্রোতের কারনে একপাশে হেলে পড়েছে। স্লাবের পরিবর্তে এলাকাবাসী বাঁশ, সুপারি গাছ ও কাঠ দিয়ে সংস্কার করে বিকল্প কোন ব্যবস্থা না থাকায় মৃত্যু ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে।

এ ব্যাপারে ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলিজা সাঈদ জানান যে, ব্রীজটি দুই ইউনিয়নের সংযোগ স্থলে অবস্থান বিধায় কোন ইউনিয়নের মাধ্যমে অর্থ বরাদ্দ হবে এই জটিলতার কারনে সংস্কারে বিলম্ব হয়েছে। তবে অচিরেই ব্রীজটি পুন: নির্মাণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে।