স্ত্রীর বান্ধবীকে ধর্ষন করায় গ্রেপ্তার, জামিনে বের হয়েই স্কুলছাত্রীকে ধর্ষণ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
স্ত্রীর বান্ধবীকে ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার হওয়া গোলাম রাব্বী জামিনে বেড়িয়ে আবারও এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার। অভিযুক্ত গোলাম রাব্বীর নামে বরগুনা সদর থানায় মামলা হয়েছে।

জানা যায়, গত ৫ই আগস্ট স্ত্রীকে শশুরবাড়ি পাঠিয়ে দিয়ে স্ত্রীর বান্ধবীকে বাসায় ডেকে এনে ধর্ষণ করে এই রাব্বি। ভয়ভীতি দেখিয়ে স্ত্রীর বান্ধবীকে আটকে রেখে পরদিনও ধর্ষণ করে রাব্বি। পরে রাব্বির স্ত্রী বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই কিশোরীকে মা বরগুনা সদর থানায় গোলাম রাব্বির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

এর কয়েকদিন পর জামিনে বেড়িয়ে রোববার (২৬ সেপ্টেম্বর) বন্ধুর বাসায় নিয়ে গিয়ে আবার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে গোলাম রাব্বী। ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে বরগুনা সদর থানায় রাব্বির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বলেন, আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। আমাদের ভুয়া কাবিননামা দেখিয়ে মাসের পর মাস মেয়েকে ধর্ষণ করেছে রাব্বি। এমনকি শারীরিক সম্পর্কে রাজি না হলেই পাশবিক নির্যাতন চালাত।

স্কুলছাত্রীর মা আরও বলেন, ২৬ সেপ্টেম্বর রাব্বি তার বন্ধু মামুনের বাসায় নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। ভুয়া কাবিননামার বিষয়টি আমার মেয়ে বুঝতে পারলে ওখান থেকে চলে আসতে চাইলে নিজের বাসায় নিয়ে পাশবিক নির্যাতন চালায় রাব্বি। গোপনে বিষয়টি আমি জানতে পারি এবং পুলিশকে জানাই। পরে পুলিশ গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম বলেন , ধর্ষণের অভিযোগে গোলাম রাব্বির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী কিশোরীর মা। পলাতক রাব্বিকে গ্রেপ্তার করতে আমরা অভিযান চলছে। ধর্ষণের অভিযোগে পূর্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মাদক মামলাতেও সে জেল খেটেছে। তার বিরুদ্ধে বেশকয়েকটি মামলা রয়েছে। আমরা খুব শীগ্রই তাকে গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।