আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় মা ও ৩ মেয়েকে পিটালেন চাচা

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ও স্কুল পড়ুয়া ৩ মেয়েকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, সোমবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার আস্কর গ্রামের নির্মল হালদারের স্ত্রী ববিতা হালদারের সাথে তার দেবর অমল হালদারের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায় প্রতিপক্ষ অমল হালদারের হামলায় মা-মেয়েসহ ৩জন আহত হয়।

নির্মল হালদারের স্ত্রী ববিতা হালদার জানান, আমার স্বামী গত ৮ বছর যাবৎ অসুস্থ হয়ে ঘরে শয্যাশায়ী। আমার তিন মেয়েকে নিয়ে সংসারের হাল ধরতে আস্কর নতুন কালিবাড়ি বাজারে একটি ভ্রাম্যমাণ চায়ের দোকান দিয়ে কোন রকমে সংসার চালিয়ে আসছিলাম। আমার দেবর অমল হালদারের কাছে আমার মেয়ে লীলিমা হালদার আমাদের জন্য বাজার করে দিতে বলায় ক্ষিপ্ত হয়ে অমল হালদার ও তার স্ত্রী রিতা হালদার আমার চুলের মুঠি ধরে মারধর করতে থাকে। এসময় আমাকে রক্ষা করতে আসলে অমল আমার মেয়ে আস্কর কালিবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী লীলিমা হালদার, মেয়ে হ্যাপী হালদার ও ছোট মেয়ে অর্পা হালদারকে মারধর করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মেয়ে লীলিমা হালদার জানান, আমার কাকা অমল হালদার এর আগেও কয়েকবার আমার মাকেসহ আমাদের মারধর করেছে।

মেয়ে হ্যাপী হালদার জানান, আমাদের মারধর করার পর আমরা হাসপাতালে যেতে চাইলে তাতেও আমার কাকা অমল হালদার বাঁধা প্রদান করেন।

অভিযুক্ত অমল হালদার জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হলে আমার সাথে তাদের হামলার ঘটনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান কবিতা হালদার।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।