শারদীয় দুর্গাপূজা: বরিশাল মহানগরী ঢেকে দেয়া হবে নিরাপত্তার চাদরে

রূপালী ডেস্ক॥
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে বিএমপি কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় বরিশাল পুলিশ লাইন্স ড্রিল সেডে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার।

এ-সময় তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২১ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় সকল পদক্ষেপ।

বরিশাল মহানগরকে বিভিন্ন স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়াসহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গ্রহণ করা হয়েছে শক্তিশালী নিরাপত্তামূলক ব্যবস্থা। তবে সবকিছু ছাপিয়ে আমাদের সব চাইতে শক্তিশালী অস্ত্র হল বাঙালির হাজার বছরের লালিত ঐতিহ্য, “অসাম্প্রদায়িক চেতনার সম্প্রীতি” যা আমাদের গর্বের বিষয়।

এসময় তিনি আরো বলেন, “পুলিশ, র‍্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কমিউনিটি পুলিশিং কমিটি, বিট পুলিশিং, বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মের লোকদের নিয়ে গঠিত অসম্প্রদায়িক কমিটি, স্বেচ্ছাসেবী দলসহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে আমাদের সকলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।তাই যেকোনো বিষয়ে গুজবে কান না দিয়ে সরাসরি আমাদেরকে অবহিত করুন। প্রয়োজনে ৯৯৯ ট্রিপল নাইনে কল করুন।

এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সিসিটিভি স্থাপনের জন্য পূজা কমিটির পক্ষ থেকে আগত ব্যক্তিদের নিকট অনুরোধ করেন।