ফাঁকা স্ট্যাম্পে বোলিং করে আউট করা যাবে ব্যাটারদের!

স্পোর্টস ডেস্ক।।
টি-টোয়েন্টি ক্রিকেটের গতি আরও বাড়াতে টাইম আউটের নিয়মে অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে বিগ ব্যাশ লিগ কর্তৃপক্ষ। টুর্নামেন্টের আসন্ন মৌসুম থেকেই যোগ হতে পারে এই নিয়ম। যেখানে খালি স্ট্যাম্পে বোলিং করে ব্যাটারদের আউট করার সুযোগ পাবেন বোলাররা।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্লেয়িং কন্ডিশন কমিটি মনে করছে, উইকেট পতনের পর নতুন ব্যাটসম্যান আসা ও পরের বল দিয়ে খেলা শুরুর মাঝে অনেক বেশ সময় নষ্ট হয়ে যাচ্ছে। এটি কমানোর জন্যই মূলত টাইম আউটের নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা করেছেন তারা।

টাইম আউটের বর্তমান নিয়মে বলা আছে, কোনো উইকেট পতন অথবা ব্যাটারের অবসরের ক্ষেত্রে পরবর্তী ব্যাটারকে অবশ্যই তিন মিনিটের মধ্যে উইকেটে এসে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। যদি তা করতে না পারেন তাহলে নতুন ব্যাটারকে টাইম আউট ঘোষণা করা হবে।

আগেই নিয়মে খানিক পরিবর্তন এনেছিলো বিগ ব্যাশ কর্তৃপক্ষ। যেখানে তারা নতুন ব্যাটারকে প্রথম বল খেলার জন্য ৬০ সেকেন্ড সময় বেঁধে দিয়েছিলো। যদিও এই নিয়মের খুব একটা বাস্তবায়ন দেখা যায়নি গত আসরগুলোতে। কেননা প্রায়ই দেখা গেছে নতুন ব্যাটার এসে দুই মিনিটের বেশি সময় নিয়ে নিচ্ছেন।

তবে এখন কড়াকড়িভাবে ৭৫ সেকেন্ডের নিয়ম বাস্তবায়ন করতে চাচ্ছে আয়োজকরা। অর্থাৎ ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলার জন্য তৈরি হতে হবে নতুন ব্যাটারকে। এটি করতে না পারলে তাকে টাইম আউট দেয়া হবে না। বরং বোলারকে দেয়া হবে একটি ফ্রি-হিট।

কেমন হবে এই ফ্রি-হিট? এক্ষেত্রে ব্যাটারদের স্ট্যাম্প থেকে সরে দাঁড়াতে হবে এবং বোলার ফাঁকা স্ট্যাম্পেই বোলিং করতে পারবেন। সেই বলে যদি বোলার স্ট্যাম্পে হিট করতে পারেন তাহলে আউট ঘোষণা করা হবে নতুন ব্যাটারকে। অন্যথায় ব্যাটিং শুরুর সুযোগ পাবেন সেই ব্যাটার।