পটুয়াখালীর নিউমার্কেটে ভয়াবহ আগুন, প্রায় অর্ধশত কোটি টাকা ক্ষতি

অনলাইন ডেস্ক।।
পটুয়াখালী শহরের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুরে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোর রাতে বৈদ্যুতিক শর্টসার্কট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

জানা গেছে, ভোর সারে ৪ টার দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে পটুয়াখালী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের বরিশাল, পটুয়াখালী, আমতলী, বাকেরগঞ্জের ৬টি ইউনিট যোগ হয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তারা।

আগুনের লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা এবং দোকান থেকে মালামাল সরিয়ে রাস্তার পাশে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ব্যবসায়ীদের দাবি অন্তত শতাধিক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে।

ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগের উপ-পরিচালক এবিএম মনতাজ উদ্দিন আহমেদ বলেন, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাবে না।