গৌরীপুরে যৌতুকের দাবিতে নির্যাতনে নববধূর মৃত্যুর অভিযোগ

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের গৌরীপুরে মোছাঃ শ্যামলী আক্তার (১৯) নামে এক নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের খামার সিংজানি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করে।

এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, খামার সিংজানি গ্রামের আলকাছ আলীর ছেলে ফরিদ মিয়া (৩৫) এর সাথে নিহতের ৬ মাস পূর্বে বিয়ে হয়। নিহত তরুণী উপজেলার বারুয়ামারী গ্রামের মাহেন্দ্র চালক আঃ কাদিরের কন্যা।

নিহতের বোন চাঁদনী আক্তার জানান, ৬ মাস পূর্বে ফরিদুলের সাথে পারিবারিকভাবে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর জানতে পারলাম ফরিদুল জুয়া খেলে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকে ও স্বামী-স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল। আমার বোনকে ৫০ হাজার টাকা যৌতুক নেয়ার জন্য গত বুধবার আমাদের বাড়িতে পাঠায়, কিন্তু বাবা গরীব বিধায় টাকা দিতে না পারায় খালি হাতে বোন তার স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার পর থেকে তাকে নির্যাতন করে। বিষয়টি আমার বাবাকে সে মোবাইল ফোনে জানায়। আমার বোন কিছুতেই আত্মহত্যা করতে পারে না, তার মৃত্যুটি রহস্যজনক।

গৌরীপুর থানার এসআই মোঃ শামছুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে খামার সিংজানি ফরিদুলের বাড়ি থেকে নব বধূর লাশ গত বৃহস্পতিবার উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, উদ্ধারকৃত নব বধূর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।