কুমিল্লার ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক।।
কুমিল্লায় হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘আমরা কয়েকজনকে চিহ্নিত করেছি, আমাদের গোয়েন্দা সংস্থা তাদের শনাক্ত করে শিগগির গ্রেফতার করতে সক্ষম হবে বলে মনে করছি।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

করণীয় নিয়ে আজ সভা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ আলাপ-আলোচনার পর এ সভা মনে করছে, তদন্ত হওয়ার আগে আমরা মনে করছি, আমরা সিদ্ধান্তে আসিনি। আমরা শতভাগ নিশ্চিত নই। আমরা মনে করছি, এটা উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহল, কোনো ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীর কর্ম। আমরা তদন্ত শেষে আপনাদের সব ঘটনা জানাতে পারবো।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এরই মধ্যে আমাদের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী, যেখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নিয়েছেন। কুমিল্লার দুঃখজনক ঘটনায় যারা জড়িত, তাদের অবশ্যই খুঁজে বের করবো।’

এ ঘটনায় কতজনকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কুমিল্লায় কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সারাদেশে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত থাকবে। যেখানে বিশৃঙ্খলা দেখা দেবে সেখানে গ্রেফতার হবে। আমরা চাই সুনির্দিষ্টভাবে যারা জড়িত ছিল কিংবা উসকানি দিয়েছে তাদের গ্রেফতার করতে। অনেককে ভিডিও দেখে গ্রেফতার করা হয়েছে। সবকিছু পরে জানাব।’

‘আমরা ফেসবুকে দেখলাম আইজিপি সাহেব নাকি একটা নির্দেশনা দিয়েছেন, পূজা বন্ধ। আমরা এ ধরনের কোনো নির্দেশনা দেইনি। যারা এ ধরনের অপচেষ্টা করছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের এ ধরনের অপচেষ্টায় লিপ্ত হতে দেবো না।’

বিজিবি মোতায়েনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর স্বল্পতা থাকলে সেখানে বিজিবি মোতায়েন করা হবে। স্বল্পতা মানে হলো আমাদের নিরাপত্তা বাহিনী নেই তা নয়। সহযোগিতা করার জন্য…যদি মনে করে এখানে একটা বিশৃঙ্খলা হতে পারে, তখন ওই এলাকার জেলা প্রশাসকের (ডিসি) অনুরোধক্রমে বিজিবি মোতায়েন করা হবে। জেলা প্রশাসকদের অনুরোধে কিছু কিছু জায়গায় বিজিবি গেছে।’