বরিশালে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ

রূপালী ডেস্ক।।
খালেদা জিয়া, তারেক রহমান ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানের বিরুদ্ধে দায়ের মামলার প্রত্যাহারের পাশাপাশি খালেদা জিয়ার সুচিকিৎসার অনুমতি প্রদানের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নগরীর টাউন হল সংলগ্ন দলীয় কার্যালয় প্রাঙ্গনে শনিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএনপির অংগ সংগঠন ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্যোগে ওই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, হত্যা, গুম, ধর্ষণকারী ও স্বৈরাচারী সরকারে বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে উদ্ধারের জন্য কাজ করতে হবে। এই দেশে রাতের অন্ধকারে কোন ভোট অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

জনগণের ভোটাধিকার আদায় করতে বিএনপির নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত। তাই দ্রুত খালেদা জিয়া, তারেক রহমানের দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজিব আহসানের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। এছাড়া খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য অনুমতির প্রদানের দাবি জানানো হয়।

বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) সভাপতি এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদ, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহাবুবুল আলম পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি প্রমুখ। সমাবেশে অংশগ্রহণকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ব্যানার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন নেতৃবৃন্দ।