দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে আ. লীগ অফিসসহ ১০ দোকান পুড়ে ছাই

দৌলতখান প্রতিনিধি, ভোলা।।
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে আওয়ামী লীগ অফিস সহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুলের মোড়ে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে চরখলিফা সুকদেব স্কুলের মোড়ে তামজিদ নামে এক ব্যবসায়ীর চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন সুকদেব স্কুল মোড় আওয়ামী লীগ অফিসসহ পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও দৌলতখান উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন এ কর্মকর্তা।