আন্ধারমানিক নদী দখল-দূষণ মুক্ত করার দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

কুয়াকাটা প্রতিনিধি, পটুয়াখালী॥
কুয়াকাটার পশ্চিম পাশে সাগর মোহন ঘেঁষা বহমান আন্ধারমানিক নদী এবং সেখানকার ইলিশের অভয়াশ্রম রক্ষার দাবিতে কুয়াকাটা সৈকতে মানববন্ধন হয়েছে। ‘আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস-২০২১’ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের উদ্যোগে রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মসূচীতে দুই শতাধিক পরিবেশ কর্মীসহ অসংখ্য পর্যটকরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া বাপার সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বিশ্বাস, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মোঃ মিজানুর রহমান, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ কর্মী কামাল হাসান রনি ও ট্যুর অপারেটর কে.এম.বাচ্চু প্রমূখ।

বক্তারা ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী রক্ষায় দখল-দূষণ রোধে সরকারের প্রতি জোরাল আহবান জানান। পাশাপাশি কুয়াকাটা সৈকতের বেলাভূমের ক্ষয়রোধে টেকসই উন্নয়নে পদক্ষেপ নিতে এবং উপকূলের সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বনবিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।