চরফ্যাশনে নারী চিকিৎসককে উত্যক্ত করায় ১৬ হাজার টাকা জরিমানা

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা সহকারী সার্জন (গাইনী) ডা. নাফিসা ইমামকে উত্যক্ত করার অভিযোগে চরফ্যাশন উপজেলা ঠিকাদার মো. আরাফাত হোসেন নুরনবী (৩৫) কে ১৬ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাত সাড়ে ৮টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন মাহমুদ এ দন্ডাদেশ দেন।

সহকারী কমিশনার শাহীন মাহমুদ এ প্রতিবেদককে জানান, চরফ্যাশন সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. নাফিসা ইমাম নুরনবীর বিরুদ্ধে অভিযোগ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত নুরনবী তা স্বীকার করে নেয়ায় তাকে ১৬হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ চরফ্যাশন সরকারি হাসপাতালের কর্মরত ডাক্তার একজন ভদ্র মহিলা। তার চিকিৎসা সেবা এলাকায় বেশ সুনাম রয়েছে। এই সময় চরফ্যাশন থানার পুলিশ প্রশাসন ও স্থানীয় জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।