বরগুনার নিখোঁজ দুই স্কুলছাত্রী রাজবাড়ির গোয়ালন্দ থেকে উদ্ধার

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার পাথরঘাটা উপজেলায় নিখোঁজ দুই স্কুলছাত্রীকে রাজবাড়ির গোয়ালন্দ থেকে উদ্ধার করেছে যৌথ পুলিশ। শিক্ষার্থীরা হলেন, পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোশাররফ হোসেনের মেয়ে সুখি আক্তার (১৩) এবং আজাদ খানের মেয়ে আয়শা আক্তার লামিয়া (১২)। নিখোঁজের পরে সোমবার (২৫ অক্টোবর) রাতে দুই শিক্ষার্থীর পরিবার পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছিলো থানায়। এর আগে সোমবার (২৫ অক্টোবর) সকালে স্কুলের কোচিং এ গিয়ে ওই দুই শিক্ষার্থী আর বাড়ি ফেরেননি।

নিখোঁজ সুখি আক্তারের মা নুর জাহান বেগম বলেন, প্রতিদিন সকালে এক সাথেই সুখি ও লামিয়া কোচিং এ যেতো। আজও ওরা একসাথে কোচিং এ যায়। তবে সকাল গড়িয়ে দুপুর হলেও ওরা বাড়ি না ফেরায় প্রথমে আমি ভেবেছি ও হয়ত লামিয়ার বাসায়। কিন্তু তারপরেও লামিয়ার বাসায় গিয়ে জানতে পারি লামিয়াও বাসায় ফেরেনি। এরপর একই সাথে তারা স্কুলে খোঁজতে যায়। স্কুলের শিক্ষররা জানায় ওরা দুজন আজ কোচিং এ আসেনি। এরপর আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেই, কিন্তু সুখীকে পাওয়া যায়নি। এরপর থানায় জিডি করি।

দাদা সুলতান খান জানান, আজ সকালে কোচিং এ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। প্রতিবেশি, স্বজন সবার কাছে খোঁজ নিয়েছি। কোথাও লামিয়ার সন্ধান পাইনি। রাতে সুখির স্বজনদের সাথে থানায় এসে নিখোঁজের জিডি করি।

এ বিষয়ে পাথরঘটা থানায় অফিসার ইনচার্জ (ওসি) বাশার বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সিসিটিভির ফুটেজ দেখে গতকাল রাতেই তাদের অবস্থান প্রথমে গোপালগঞ্জ ও পরে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট এলাকায় সনাক্ত করে পুলিশ। এরপর গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি যাত্রীবাহি বাস থেকে তাদের প্রথমে গোয়ালন্দ থানায় নিয়ে আসে তারা। এরপর সকালে বরগুনার পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।