আগৈলঝাড়ায় ইউপি নির্বাচন কেন্দ্র করে হামলায় আহত ৫

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ৫ জন। গুরুতর আহত ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জানা গেছে, সোমবার (০১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টিউবয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার কর্মী সমর্থকরা মিছিল বের করে। এসময় মিছিলটি পশ্চিম খাজুরিয়া রুহুল মিয়ার মুদি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচান এর সমর্থকরা অভিযোগ করেন তাদের পোষ্টার ইউনুস মিয়ার লোকজন ছিড়ে ফেলেছে।

এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচান এর লোকজন টিউবয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার সমর্থকদের উপর হামলা করে। হামলায় আব্দুল হক, রিপন মিয়া, মামুন মিয়া, আলামিন মিয়া, হাফিজুল মিয়া আহত হয়। এসময় প্রতিপক্ষের হামলায় আব্দুল হকের হাত ভেঙ্গে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

টিউবয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়া জানান, আমার ব্যাপক জনসমর্থন দেখে প্রতিপক্ষ আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচান পরিকল্পিত ভাবে আমার সমর্থকদের উপর হামলা করে।

এ বিষয়ে আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচান জানান, আমার লাগানো পোষ্টার ছিড়ে ফেলার কারন জানতে চাইলে তারা সংঘাতে জড়িয়ে পরে।

এ ঘটনায় টিউবয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়া আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।