বড় ভাই স্বতন্ত্র, ছোট ভাই নৌকা

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন চাচাতো দুই ভাই। ছোট ভাই নৌকা ও বড় ভাই স্বতন্ত্র প্রার্থী লড়ছেন। ছোট ভাই বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ আওয়ামী লীগ ও তার বড় ভাই অ্যাডভোকেট মনির উদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্রভাবে মাঠে লড়ছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের অপর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সমসুল ইসলাম খাঁন। ত্রীমুখী ভোটের লড়াইয়ে সড়গরম নির্বাচনী মাঠ।

এ উপজেলার ১০ ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। চাচাতো দুই ভাইসহ তিনজন প্রার্থীর ভোটযুদ্ধ নিয়ে ইউনিয়নবাসীর মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তিনজনই নির্বাচনে জয়লাভের ব্যাপারে অনেকটা আশাবাদী।

খুরমা উত্তর ইউনিয়ন ঘুরে বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, ভাই-ভাইয়ের লড়াই ভোটারদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। দুই ভাইয়ের কার্যক্রম নিয়েও আলোচনা-সমালোচনার কমতি নেই ভোটারদের মধ্যে। শুধু দলীয় বিবেচনায় নয়, ব্যক্তি পরিচয়ে প্রর্থীই ভোট পাবেন বলে তারা দাবি করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই ঘরে দুই চেয়ারম্যান পদে প্রার্থীর কারণে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কোন্দল চলছে। ফলে কেউই কাউকে ছাড় দিতে নারাজ। তারা একই পরিবার একই ঘরে থেকে দুই ভাই প্রতিদ্বদ্বিতা করায় বিপাকে পড়েছেন পরিবারের লোকজন, আত্মীয়স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা। তাদের পারিবারিক কোন্দলের কারণে দলীয় নেতাকর্মীরাও পড়ছেন বিপাকে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ বলেন, দলীয়ভাবে তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে। পারিবাবিক কোন্দলের কথা উল্লেখ করে তিনি বলেন, সব পরিবারে কোন্দল থাকতেই পারে।

তবে একদলের দুজন চেয়ারম্যান প্রার্থী থাকায় সুবিধাজনক স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সমসুল ইসলাম খাঁন। আবার কেউ কেউ বলছেন, নৌকার ঘরে দুজন প্রার্থী হওয়ার কারণে ভোটের কৌশল হিসাবও পাল্টে যাবে।

এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সমসুল ইসলাম খাঁন ও অ্যাডভোকেট মনির উদ্দিন মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তর বরাবর লিখিতভাবে নির্বাচনে কারচুপির সম্ভাবনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেছেন।

এবারে সর্বমোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৯টি। এ ইউনিয়নে ৯ ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ১০টি, ভোট কক্ষ সংখ্যা ৩৮টি, পুরুষ ছয় হাজার ৬৯২ জন ও মহিলা ছয় হাজার ৩৪৭ জন। ১১ নভেম্বর ব্যালট পেপারের মাধ্যেমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।