ডিজেলের দাম বৃদ্ধি আসলেই চিন্তার বিষয়: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি।।
পরিকল্পনামন্ত্রী আলহাজ এমএ মান্নান বলেছেন, ডিজেলের দাম বৃদ্ধি আসলেই চিন্তার বিষয়। তবে কোথাও পৃথিবীর সব কিছু সরকারের নিয়ন্ত্রন নয়,সরবরাহ এবং চাহিদা এর উপর নির্ভরশীল। কারণ ডিজেল কিংবা পেট্রোল আমরা তৈরি করি না। মূলত যেখানে ডিজেল কিংবা পেট্রোল উৎপাদন হয় আর সেখানের মহাজনরা যখন দাম বাড়ায় তখন আমাদের বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। আর সেই দাম গুলো কাউকে না কাউকে বহন করতে হবে। পরিশেষে যারা এটা ভোগ করে ভুক্তারা তাদের উপর এটা গড়িয়ে চলে আসে।

তিনি শনিবার (০৬ নভেম্বর) দুপুরে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হাসনরাজা মিলনায়তনে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এই সব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, সরকার ডিজেলের দাম বাড়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাহিরে আছেন সেখানে থেকেই তিনি বাংলাদেশের সকল খোঁজ খবর রাখছেন। আমরা চেষ্টা করব যাতে ব্যাথাটা কমে। তবে ধর্মঘট করে হরতাল করে বেশি একটা উপকার হবে না। সকলের মত প্রকাশ করার অধিকার আছে। তবে ধর্মঘট করে এর সমাধান নয়। এক জায়গায় বসে ঠান্ডা মাথায় এটি সমাধানের চিন্তা করতে হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের নিম্ন আয়ের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিন খুব ভালবাসেন। তাদের কথা সব সময় চিন্তা করেন, কি করে তাদের জীবনে উন্নীতি করা যায় সে বিষয়ে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন।

এর আগে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে বেলুন উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান। পরে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নিলীমা চন্দ, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ,পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসাইন,পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীর্গে সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন.বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জিয়াউল হক,পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর প্রমুখ।