আগৈলঝাড়ায় নির্বাচন পরবর্তী সংঘাত, গ্রেপ্তার ২

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সংঘাতের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গত ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের পরে বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের ৩ নং ওয়ার্ডের আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচান এর সমর্থকদের মারধরসহ নির্বাচনী অফিস ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন।

টিউবয়েল মার্কার মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার কর্মী সমর্থকরা এই হামলা চালায় বলে জানান আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচান।

এঘটনায় আপেল মার্কার প্রার্থী মো. শামীম মিয়া লিকচান এর সমর্থক ইলিয়াস মিয়া বাদী হয়ে এনামুল হাওলাদার, তানভীর ফকিরসহ ১০/১২ জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং-৫, (১৩-১১-২০২১)।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মিলটন মন্ডল জানান, নির্বাচন পরবর্তী সংঘাতের মামলায় শনিবার (১৩ নভেম্বর) রাতে খাজুরিয়া গ্রামের জলিল ফকিরের ছেলে তানভীর ইসলাম রাছেল (২৪) ও আব্দুল আউয়ালের ছেলে এনামুল হাওলাদারকে (২৬) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আসামী তানভীর ইসলাম রাছেল ও এনামুল হাওলাদারকে গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।