স্ত্রীসহ বিশ্বভ্রমণ করা সেই চা-বিক্রেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের কেরেলার চা-বিক্রেতা কে আর বিজয়নের আর বিশ্বভ্রমণ করা হবে না। শুক্রবার (১৯ নভেম্বর) ৭১ বছর বয়সী বিজয়ন মারা গেছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, চা বিক্রির অর্থ থেকে সঞ্চয় করতেন বিজয়ন। সেই সঞ্চয়ে স্ত্রী মোহানাকে নিয়ে বিশ্বভ্রমণ করে সবার নজর কেড়েছিলেন তিনি। মাত্র দুই সপ্তাহ আগেই সস্ত্রীক রাশিয়া ঘুরে এসেছেন। বিজয়ন তার স্ত্রী মোহানাকে নিয়ে জাপান ভ্রমণের পরিকল্পনা করছিলেন। জাপান থেকে ফিরে ভিয়েতনাম ও কম্বোডিয়া যাওয়ার ইচ্ছা ছিল বিজয়ন ও তার স্ত্রী মোহানার।

ভ্রমণপিপাসু এই দম্পতি গত ১৪ বছরে ছয় মহাদেশের ২৬টি দেশ ঘুরে বেড়িয়েছেন। শিরোনাম হয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের। কেরালার কোচি শহরে সেলিম রজন সড়কের পাশে তাঁদের চায়ের দোকান। অসংখ্য দেশ ঘুরে ঘুরে তাঁরা যেসব ছবি তুলেছেন, তাঁদের চায়ের দোকানে চারপাশে সেসব ছবি সাঁটানো আছে। চা খেতে খেতে মানুষ ছবিগুলো দেখেন, কথা বলেন।

২০২০ সালে বিজয়ন ও মোহানা দম্পতির একটি বই প্রকাশিত হয়। তাদের বইয়ের নাম ‘দ্য গ্লোবাল টুরস অব বিজয়ন অ্যান্ড মোহানা বাই সেলিং টি’।

বিজয়নের মৃত্যুতে শোক জানিয়েছে ভারতের পর্যটন বিভাগ। টুইটারে বিজয়নের ছবি পোস্ট করে পর্যটন বিভাগ লিখেছে, ‘নিরহংকার এক ভ্রমণকারী তার শেষ যাত্রা শুরু করলেন।’