মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বেশ বড়সড় চ্যালেঞ্জই পাড়ি দিয়েছে বাংলাদেশ দল। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে দিনের প্রথম দুই সেশনে পাকিস্তানকে অলআউট করে ম্যাচে ফিরেছিল স্বাগতিকরা। কিন্তু দিনের তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে ধস। ৩৯ রানে ৪ উইকেট নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ১২, ইয়াসির আলি ৮ রানে অপরাজিত ছিলেন। তবে আজ (২৯ নভেম্বর) চতুর্থ দিনের শুরুতেই মুশফিকের উইকেট হারিয়ে অনেকটা চাপে টাইগাররা।

ম্যাচের যা পরিস্থিতি সেই বিবেচনায় বাংলাদেশকে কঠিন অবস্থানে নিয়ে গেছে। এই রিপোর্ট লেখার সময় ক্রিজে আছেন ইয়াসির আলি ও লিটন দাস। তারা কতক্ষণ টিকে থাকতে পারেন, সেটির ওপরই ম্যাচের ভাগ্য নির্ভর করবে। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভালো স্কোর গড়তে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ পেতে পারে বাংলাদেশ। কিন্তু উল্টোটাও হতে পারে।

আজ দিনের শুরুতেই হাসান আলির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান মুশফিক। আউট হওয়ার আগে ১৬ রান করেছেন তিনি। আর বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ৬৯ রান।