দলকে জেতাতে ব্যর্থ সপ্তম ব্যালন ডি’অর জয়ী মেসি

স্পোর্টস ডেস্ক।।
পিএসজির আনন্দের উৎসবটা আরও বড় হতে পারতো। কিন্তু সেটা আর হলো কই? তাদের তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। এবং গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা জিতেছেন সেরা গোলকিপার অর্থাৎ ইয়াসিন ট্রফি। এর পরই বুধবার (০১ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে প্রথমবার মাঠে নামে পিএসজি। নিসের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচ শুরুর আগে দুটি ট্রফিই সমর্থকদের জন্য প্রদর্শন করার ব্যবস্থা করে পিএসজি কর্তৃপক্ষ। এতে সমর্থকদের মাঝে ব্যাপক উল্লাস দেখা গেছে। কিন্তু সেই উল্লাস আর দেখা গেলো না। তাদের দল যে জিততে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত নিসের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ফরাসি জয়ান্টদের।

এদিন, নেইমার না থাকায় আক্রমণভাবে মেসির সঙ্গী ছিলেন আনহেল দি মারিয়া ও কিলিয়ান এমবাপ্পে। গোলের জন্য বেশ কয়েকটি সুযোগও তৈরি করে দিয়েছেন মেসি। কিন্তু স্কোর করতে ব্যর্থ সবাই। পুরো ম্যাচে মোট ২২টি শট নিলেও নিসের জালে টার্গেট করতে পেরেছে মাত্র ৫টি। এর মধ্যে দুটি শট আর্জেন্টাইন অধিনায়কের।

লিগ ওয়ানে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি।