ভান্ডারিয়ায় নিঁখোজের একদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

ভান্ডারিয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
শুক্রবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের নদমুলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী শান্ত হাওলাদার (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নদমূলা গ্রামের রাজমিস্ত্রী মো. লোকমান হাওলাদার এর ছেলে।

শান্তর মা রুবী বেগম জানান, শান্ত বৃহস্পতিবার নদীতে মাছ ধরে দুপুরে বাসায় আসে। দুপুরের খাবার খেয়ে বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। নিখোঁজের একদিন পরে শুক্রবার বিকেলে স্থানীয়রা নদমূলা গ্রামে জাকারিয়া হাওলাদার এর বাড়ী সংলগ্ন একটি ডোবায় ছেলেটির মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ শুক্রবার শান্ত হাওলাদার নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গেপ্রেরণ করা হচ্ছে।