যেভাবে শিশুকে নিয়মিত ঘুমে অভ্যস্ত করবেন

লাইফস্টাইল ডেস্ক।।
নিয়মিত নির্দিষ্ট পরিমাণ ঘুম সকল বয়সের মানুষের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাই সকলেরই উচিত ঘুমের রুটিনটিকে সঠিক ভাবে মেনে চলা। তবে রোজকার ব্যস্ততা ভরা জীবনে সব সময় সঠিক ভাবে ঘুমানোর অভ্যাস আমাদের অনেকেরই নেই। এর প্রভাব পুরো পরিবারের উপরই পরে। এক্ষেত্রে যদি ঘরে একটি ছোট সদস্য থেকে থাকে তার উপর এর প্রভাব কিন্তু কখনই স্বাস্থ্যকর নয়। শিশুকে সুস্থ রাখতে তার নিয়ম মাফিক ঘুমের অভ্যাস গড়ে তোলা জরুরি। এক্ষেত্রে যা করতে পারেন:

ঘুমের আগে প্রতিদিন প্রস্তুতিমূলক কাজ যেমন ব্রাশ করা, পরিষ্কার পোশাক পরা, এসব নিয়মিত করুন। এগুলো ঘুমের পূর্ব প্রস্তুতি। এসব অভ্যাস গড়ার মধ্য দিয়ে শিশুর রুটিন মেনে চলার অভ্যাস তৈরি হবে।

ঘুমানোর ১-২ ঘণ্টা আগেই শিশুর খাওয়া সেরে নিন। এতে সঠিক সময়ে ঘুমের চাহিদা তৈরি হবে। বেশি আগে খাওয়ালে ঘুমের সময়ে শিশুর ক্ষুধা লাগতে পারে আর ঘুমের প্রতি মনোযোগ হারাতে পারে। আবার শিশুরা খাওয়ার পরে কিছুক্ষণ খেলাধুলা করতে চায়। ঘন্টাখানেক আগে খাওয়া হয়ে গেলে খেলাধুলার কারণে পরিশ্রম হবে আর এতে শরীরে ঘুমের চাহিদা তৈরি হবে।

এরপর শিশুর ঘুমের পরিবেশ তৈরি করে দিন। শিশুদের ঘুম হালকা হয়। অল্প শব্দ বা কোনোরকম হালকা অসুবিধায় শিশুর ঘুম ভেঙ্গে যায়। তাই শিশুর শোবার ঘরে যেন ঘুমের উপযোগী পরিবেশ বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

ঘুমের আগে শিশুকে টিভি মোবাইল দেখা থেকে বিরত রাখুন। কারণ এসব বৈদ্যুতিক যন্ত্র শিশুর ঘুমের উপর প্রভাব ফেলে। এসব নিয়ম মেনে চললে শিশুর সঠিক ঘুমের চাহিদা ও অভ্যাস তৈরি করতে পারবেন সহজেই।