এজাজের ১৪ উইকেটের পরও নিশ্চিত জয়ের পথে ভারত

স্পোর্টস ডেস্ক।।
প্রথম টেস্টে জয়সম এক ড্র নিয়ে মাঠ ছেড়েছিল নিউজিল্যান্ড। তবে মুম্বাইয়ে দ্বিতীয় টেস্টে ম্যাচ বাঁচানোর আশা কার্যত আর নেই তাদের। হাতে দুইদিন বাকি থাকতেই ম্যাচ থেকে ছিটকে পড়েছে সফরকারীরা। প্রকৃতি বাগড়া না দিলে এই টেস্টে জিততে যাচ্ছে ভারতই।

নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ৫৪০ রানের। টেস্ট ক্রিকেটের ইতিহাসেই এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই কোনো দলের। অসীমে ছুটছে কিউইরা। তৃতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ১৪০ রান নিয়ে।

জিততে হলে আরও ৪০০ রান করতে হবে টম লাথামদের। ড্র করতেও টিকতে হবে বাকি দুই দিন। আপাতদৃষ্টিতে যার কোনোটিই বাস্তবতার কাতারে পড়ে না।

প্রথম ইনিংসে ভারত ৩২৫ রানে থামলেও নিউজিল্যান্ডকে মাত্র ৬২ রানে গুটিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিনা উইকেটে ৬৯ রান করে তৃতীয় দিনের খেলা শুরু করা বিরাট কোহলির দল ৭ উইকেটে ২৭৬ তুলে ইনিংস ঘোষণা করে।

মায়াঙ্ক আগারওয়াল ৬২, চেতেশ্বর পূজারা আর শুভমান গিলের ব্যাট থেকে আসে ৪৭ করে। ২৬ বলে ৪১ রানের ঝড় তুলে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল।

প্রথম ইনিংসে একাই ১০ উইকেট নেওয়া কিউই স্পিনার এজাজ প্যাটেল এবার শিকার করেছেন ৪ উইকেট। ম্যাচে তার মোট শিকার ১৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ভারতের বাকি ৩টি উইকেট নেন রাচিন রবীন্দ্র।

জবাবে মাত্র ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে ফের কোণঠাসা হয়ে পড়ে নিউজিল্যান্ড। টম লাথাম (৬), উইল ইয়ং (২০) আর রস টেলর (৬)- টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকেই সাজঘরের পথ দেখান রবিচন্দ্রন অশ্বিন।

সেখান থেকে ড্যারেন মিচেল (৬০) কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু দিনের শেষ ঘণ্টায় এসে মিচেল আর টম ব্লান্ডেলকে (০) হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়েছে কিউইরা। ৩৬ রানে অপরাজিত আছেন হেনরি নিকোলস, ২ রানে রাচিন রবীন্দ্র।