বঙ্গোপসাগরে ট্রলার বিকল, ৫ দিন পর ১৩ জেলে উদ্ধার

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ এলাকার বঙ্গোপসাগরে ইঞ্জিন চালিত একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে ভাসতে থাকে ৫ দিন। পরে ওই ট্রলারে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র কোস্টগার্ডের একটি দল।

রোববার (৫ ডিসেম্বের) সন্ধ্যার দিকে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্ব দিক থেকে তাদের উদ্ধার করা হয়। ভাসানচর কোস্টগার্ডের মাস্টার চিফ পেটি অফিসার খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কোস্টগার্ডের ওই কর্মকর্তা তাৎক্ষণিক উদ্ধারকৃত জেলেদের নাম ঠিকানা জানাতে পারেননি। তবে তারা গত ৫ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছিলেন বলে জানিয়েছেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর ১৩ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। একপর্যায়ে আকস্মিক মাঝ সাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর গত ৫ দিন তারা সমুদ্রে ভাসতে থাকে। খবর পেয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের কোস্টগার্ডের একটি দল সমুদ্রে অনুসন্ধান চালিয়ে রোববার সন্ধ্যার দিকে বোটে থাকা জেলেদের উদ্ধার করে।

অপরদিকে, একাধিক সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত জেলেরা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তারপরও তারা ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এসে পৌঁছালে প্রথমে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে।