ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কাউখালীর নিম্নাঞ্চল প্লাবিত

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর) ॥
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় অঞ্চল পিরোজপুরের কাউখালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা তিনদিন একাধারে হালকা থেকে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছাসের কারনে উপজেলার নিম্নাঞ্চল শিয়ালকাঠী, মেঘপাল, পাঙ্গাসিয়া, রঘুনাথপুর, আশোয়া, আমরাজুড়ী, হরিণধরা, সয়না, চিরাপাড়া, জোলাগাতী, গন্ধর্ব, কুমিয়ান, রোঙ্গাকাঠী, জব্দকাঠী, বেতকা, গোহলা, সুবিদপুর সহ বেশ কয়েকটি গ্রামে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হওয়ায় ধানের গোছাগুলি এলোমেলো হয়ে কাত হয়ে পরে আছে। এছাড়া রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। শ্রমিকরা তাদের শ্রম বিক্রি করতে না পারায় মানবেতর জীবন যাপন করছে।

সোমবার কাউখালী হাট থাকলেও জমে উঠেনি বাজার। সরকারী বেসরকারী কিংবা আধাসরকারী অফিসে ও উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

উপজেলার নিলতী গ্রামের কৃষক আঃ রহিম জানান, বৃষ্টি বাতাস এবং জোয়ারে পানিতে আমন ধানসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে যা কাটিয়ে উঠা আমাদের পক্ষে সম্ভব না। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজীম শরীফ জানান, এ ব্যাপারে আমরা উপজেলার কৃষকদের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের পরামর্শ প্রদান করছি।