ভনকে ছাড়িয়ে পাকিস্তানি ইউসুফের বিশ্বরেকর্ডের পথে রুট

স্পোর্টস ডেস্ক।।
চলতি বছরটি দুর্দান্ত কাটছে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুটের। বছরের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন তিনি। যা চলমান রেখেছেন চলতি অ্যাশেজ সিরিজেও। ব্রিসবেনের গ্যাবায় সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে ঠিকই বড় ইনিংস খেলার পথে রয়েছেন তিনি।

শুক্রবার (১০ ডিসেম্বর) ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান। অস্ট্রেলিয়ার চেয়ে ৫৮ রানে পিছিয়ে রয়েছে তারা। অধিনায়ক জো রুট ৮৬ ও ডেভিড মালান অপরাজিত রয়েছেন ৮০ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১৫৯ রান।

এই ৮৬ রানের ইনিংস খেলার পথে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন বর্তমান অধিনায়ক রুট। তিনি ভেঙে দিয়েছেন সাবেক অধিনায়ক মাইকেল ভনের রেকর্ড। ২০০২ সালে ১৪ ম্যাচের ২৬ ইনিংসে ছয় সেঞ্চুরি ও দুই ফিফটিতে ১৪৮১ রান করেছিলেন ভন।

সেই রেকর্ড ভেঙে ২০২১ সালে এখন পর্যন্ত রুটের সংগ্রহ ১৩ ম্যাচে ২৫ ইনিংসে ছয় সেঞ্চুরি ও দুই ফিফটিতে ১৫৪১ রান। বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে এক বছরে ১৫০০ বা তার বেশি রানের মালিক হলেন রুট। দুইটি ভিন্ন বছরে ১৫০০+ রান করা একমাত্র ব্যাটার হলেন রিকি পন্টিং।

এখন ইংলিশ অধিনায়কের সামনে সুযোগ রয়েছে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ার। যা রয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফের দখলে। ২০০৬ সালে ১১ ইনিংসের ১৯ ইনিংসে ৯ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ১৭৮৮ রান করেছিলেন ইউসুফ।

২০২১ সালে তার চেয়ে মাত্র ২৪১ রান পিছিয়ে রয়েছেন রুট। এ বছর ব্রিসবেন টেস্টের পর আরও দুই ম্যাচের চার ইনিংস ব্যাটিংয়ের সুযোগ রয়েছে রুটের সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে আর ২৪২ রান করতে পারলেই, এক বছরে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে ফেলবেন তিনি।

এক পঞ্জিকাবর্ষে ন্যুনতম ১৫০০ রান করা ব্যাটারদের তালিকা:

মোহাম্মদ ইউসুফ (২০০৬) – ১১ ম্যাচের ১৯ ইনিংসে ১৭৮৮ রান, সেঞ্চুরি ৯টি
স্যার ভিভিয়ান রিচার্ডস (১৯৭৬) – ১১ ম্যাচের ১৯ ইনিংসে ১৭১০ রান, সেঞ্চুরি ৭টি
গ্রায়েম স্মিথ (২০০৮) – ১৫ ম্যাচের ২৫ ইনিংসে ১৬৫৬ রান, সেঞ্চুরি ৬টি
মাইকেল ক্লার্ক (২০১২) – ১১ ম্যাচে ১৮ ইনিংসে ১৫৯৫ রান, সেঞ্চুরি ৫টি
শচিন টেন্ডুলকার (২০১০) – ১৪ ম্যাচের ২৩ ইনিংসে ১৫৬২ রান, সেঞ্চুরি ৭টি
সুনিল গাভাস্কার (১৯৭৯) – ১৮ ম্যাচের ২৭ ইনিংসে ১৫৫৫ রান, সেঞ্চুরি ৫টি
রিকি পন্টিং (২০০৫) – ১৫ ম্যাচের ২৮ ইনিংসে ১৫৪৪ রান, সেঞ্চুরি ৬টি
জো রুট (২০২১) – ১৩ ম্যাচের ২৫ ইনিংসে ১৫৪১* রান, সেঞ্চুরি ৬টি
রিকি পন্টিং (২০০৩) – ১১ ম্যাচের ১৮ ইনিংসে ১৫০৩ রান, সেঞ্চুরি ৬টি