কলাপাড়ায় নির্বাচনী সহিংসতায় আহত ২০

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী) ॥
কলাপাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এসময় উভয় পক্ষের কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নজরুল (২২), শামীম (২৭) ও খলীল (২০)কে গুরুতর অবস্থায় কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের আকন বাড়ির সামনে।

নৌকা মার্কার প্রার্থী সৈয়দ মো.মশিউর রহমান শিমু বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে আমার কর্মী সমর্থকরা প্রচারণার কাজে যাবার পথে পূর্ব টিয়াখালী গ্রামের আকন বাড়ির সামনে গেলে স্বতন্ত্র প্রার্থী মাহামুদুল হাসান সুজন মোল্লার কর্মী সমর্থকরা হামলা চালায়। এ সময় আমার ৩ কর্মী আহত হয়েছে এবং ৪টি মটোরসাইকেল ভাংচুর করা হয়।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মাহামুদুল হাসান সুজন মোল্লা উল্টো অভিযোগ করে বলেন, ঘটনার সময় আমার কর্মী সমর্থকরা উঠান বৈঠক করতে যাচ্ছিল। এ সময় নৌকা মার্কার প্রার্থী সৈয়দ মো.মশিউর রহমান শিমুর হাতুরি বাহিনী মটরসাইকেলের বহর নিয়ে আমার ও আমার কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় এলাকার মহিলারা আমাকে রক্ষা করলেও আমার প্রায় ১৬/১৭ জন নেতা কর্মী আহত হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।