বরিশালের বিভিন্ন উপজেলায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

রূপালী ডেস্ক॥
বরিশালের বিভিন্ন উপজেলায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে রয়েছে বিস্তারিত-

গৌরনদী: দিবসটি উপলক্ষে গৌরনদী উপজেলার হরহর গ্রামের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও শহিদ পরিবারের সদস্যরা শহিদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বধ্যভূমিতে আগত শহিদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পরলে স্বজনহারাদের শান্তনা প্রদান করেন প্রশাসনের কর্মকর্তারা। শেষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ওসি মোঃ আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, ইসমাত হোসেন রাসু ও শহিদ পরিবারের সদস্যরা।

আমতলী (বরগুনা)।। আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে বুদ্ধিজীবি দিবস পালন করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এসএম শাহজাহান কবির, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম, মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার প্রমূখ। সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।