আগৈলঝাড়ায় সামান্য ঘটনায় ষাট বছরের বৃদ্ধাকে পিটিয়ে আহত

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় হাটার পথে পানি পরার তুচ্ছ ঘটনায় ষাট বছরের এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের মৃত নিরঞ্জন গাইনের স্ত্রী বিচিত্রা গাইনকে (৬০) হাটার পথে পানি ফেলার কারনে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের নিকুঞ্জ গাইন ও তার ছেলে কৃষ্ণ গাইন।

বৃদ্ধা বিচিত্রা গাইনের ছেলে গবিন্দ গাইন জানান,গতকাল সন্ধ্যার পরে পাশের বাড়ির খোকন তালুকদারের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। ওই বাড়িতে যাতায়াতের কাঁচা রাস্তার পাশে আমাদের রান্না ঘর ছিল। আমার মা রান্না করার সময় কিছু পানি গড়িয়ে রাস্তায় পরে যায়। এসময় খোকন তালুকদারের ভায়রা একই এলাকার নিরঞ্জন গাইন ও তার ছেলে কৃষ্ণ গাইন আমাদের বাড়িতে ঢুকে আমার বৃদ্ধা মাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এসময় স্থানীয়রা এগিয়ে এলে নিকুঞ্জ গাইন ও তার ছেলে কৃষ্ণ গাইন পালিয়ে যায়। পরে বৃদ্ধা বিচিত্রা গাইনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্ত নিকুঞ্জ গাইন জানান, আমার আত্মীয় খোকন তালুকদারের মেয়ের বিয়ের বরযাত্রী আসার পথে পানি ফেলার কারন জানতে চাইলে বৃদ্ধা বিচিত্রা গাইনের সাথে আমাদের ঝগড়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ হালদার জানান, এক বৃদ্ধাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘনায় বৃদ্ধা বিচিত্রা গাইনের ছেলে গবিন্দ গাইন আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার ঘটনায় তার ছেলে একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনা সরেজমিন গিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।