ওমিক্রনে ব্রিটেনে ১২ জনের প্রাণহানি, গুরুতর অসুস্থ ১০৪

আন্তর্জাতিক ডেস্ক।।
সার্স-কোভ-২ বা করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন হিসেবে পরিচিতি পাওয়া ওমিক্রনের সংক্রমণ দিন কে দিন গুরুতর রূপ নিচ্ছে যুক্তরাজ্যে। এ পর্যন্ত দেশটিতে এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ১০৪ জন।

যুক্তরাজ্যের উপ প্রধানমন্ত্রী ডমিনিক রাব সোমবার (২০ ডিসেম্বর) দেশটির বেতার সংবাদমাধ্যম টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যদিও একাধিকবার বলেছেন, বর্তমানে যে হারে ব্রিটেনে ওমিক্রণ সংক্রমণ বাড়ছে, তা অব্যাহত থাকলে সামনে বড় আকারের মানবিক বিপর্যয় অপেক্ষা করছে যুক্তরাজ্যের সামনে।

তবে এই সতর্কবার্তা সত্ত্বেও আপাতত লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন উপ প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ভাইরাসটির বিষয়ে অনেক তথ্য এখনও অজানা। আমরা কিছুটা সময় নিচ্ছি এ সম্পর্কিত আরও কিছু তথ্যের জন্য। পর্যাপ্ত তথ্য যদি আপনার হাতে থাকে, সঠিক উপায়ও তখন আসার সম্ভবনা বেশি।’

‘তার আগ পর্যন্ত আমরা আপাতত কোনো কঠোর বিধিনিষেধ প্রণয়ন করছি না।’