গোবিন্দগঞ্জে চেয়ারম্যান পদে মায়ের প্রতিদ্বন্দ্বী ছেলে

অনলাইন ডেস্ক।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মা মিহিলিকা বেগম ও ছেলে ইমরান হোসেন মিলন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই ইউনিয়নে মা-ছেলে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় জনগনের মধৌ কৌতুহল সৃষ্টি হয়েছে।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের আছাব উদ্দিনের ছেলে ইমরান হোসেন মিলন (স্বতন্ত্র) ঘোড়া প্রতীক ও তার মা মোছা. মিহিলিকা বেগম (স্বতন্ত্র) টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এ ব্যাপারে ইমরান হোসেন মিলন জানান, নানা জটিলতার কারণে তারা মা-ছেলে দুজনই মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু সময় না পাওয়ায় তার মা মোছা. মিহিলিকা বেগম প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী তারা মা-ছেলের প্রার্থিতা রয়েছে।

শালমারা ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আনিছুর রহমান আনিস (নৌকা), আবু তাহের মণ্ডল শামীম (মোটর সাইকেল), আইয়ুব আলী (চশমা), আমির হোসেন শামীম তালুকদার (ভ্যানগাড়ি) ও রাসেদ মোশারফ শিবলু (আনারস), ইমরান হোসেন মিলন ঘোড়া ও মোছা. মিহিলিকা বেগম। আগামী ২৬ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।