চিলি পেল সবচেয়ে কম বয়সী বামপন্থী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক।।
বামপন্থী এবং সাবেক ছাত্রনেতা গ্যাব্রিয়েল বোরিক চিলির সবচেয়ে কমবয়সী হিসেবে প্রেসিডেন্ট হচ্ছেন। রোববার (১৯ ডিসেম্বর) ৩৫ বছর বয়সী এই বামপন্থী নেতা প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে জয়ী হন।

চিলির ইলেক্টোরাল সার্ভিস জানিয়েছে, গণনাকৃত ৯৯ দশমিক ৯৫ শতাংশ ভোটের মধ্যে গ্যাব্রিয়েল বোরিক ৫৫ দশমিক ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী হোসে অ্যান্থনিও কাস্ট পেয়েছেন ৪৪ দশমিক ১৩ শতাংশ ভোট। আগামী বছরের ১১ মার্চ গ্যাব্রিয়েল প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। খবর সিএনএনের।

এর আগে রোববার প্রতিদ্বন্দ্বী কাস্ট পরাজয় স্বীকার করে নেন এবং বিজয়ী গ্যাব্রিয়েলকে দুর্দান্ত এই জয়ের জন্য অভিনন্দন জানান। এক টুইটে কাস্ট বলেন, আজ থেকে তিনি চিলির নির্বাচিত প্রেসিডেন্ট। আমাদের সবার সম্মান ও গঠনমূলক সহযোগিতা তার প্রাপ্য। চিলি সব সময় প্রথম হয়।

অন্যদিকে জয়ের পর রোববার রাতে নিজের নির্বাচনী প্রচারনার প্রধান কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন গ্যাব্রিয়েল। বক্তব্যে চিলির জনগণ তাকে নির্বাচিত করায় তিনি তাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমি এই ঐতিহাসিক মুহূর্ত শুরু করতে চাই, চিলির চোখে যা খুবই উৎসাহদায়ক এবং যা বিশ্ব দেখছে। গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতির সম্মান জানিয়ে যেসব চিলিয়ান ভোট দিতে গিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।