ফেক আইডি খুলে প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি

অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে র‍্যাব-১১-এর উপপরিচালক মেজর মো. হাসান শাহরিয়ার এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার নাদিম (২২), মোছা. ফাতেমা বেগম (২১), ফয়সাল (২৮), মো. রুবেল (২৮), মো. বোরহান (৩১), মো. আমীর হোসেন (২৮), মো. আরিফ (৩০)। রোববার রাতে সস্তাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১১-এর উপপরিচালক বলেন, আটককৃতরা মেয়েদের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলত। কৌশল হিসেবে তারা ফেসবুকে মুখোশ পরিহিত অশ্লীল ছবি ও ভিডিও পাঠাত। কলগার্ল সার্ভিস দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিতো। নগদ অর্থসহ ব্যক্তিগত মোবাইল ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়েও নিতো তারা।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ২৮ হাজার ৩৫০ টাকা, ১৬টি মোবাইল, চারটি ছুরি, ১২টি ভুয়া ফেসবুক আইডির স্ক্রিনশট, একটি খেলনা পিস্তল ও একটি মুখোশ উদ্ধার করা হয়। তারা ভুক্তভোগীর নিকটাত্মীয়কে ফোন করে মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করত এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের উদ্দেশে কৌশলে স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখত। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।