কলাপাড়ায় ইয়াবা ও হেরোইন সহ গ্রেফতার ২

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে পায়রা বন্দরের সিক্সলেন সড়ক থেকে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক মামলার আসামী রাসেল ওরফে সল্টু রাসেল ও মাদককারবারী আরিফ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে।

কলাপাড়া থানার এস আই সাখাওয়াত হোসেন জানান, সল্টু রাসেল নারায়নগঞ্জের ফতুল্লার চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। তার কাছ থেকে এক দশমিক ছয় গ্রাম হেরোইন ও ছয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। আর আরিফ মোল্লা লোন্দা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।