ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকার চতুর্থ ডোজ দেবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনারভাইরাসের নতুন ধরন ওমিক্রন যখন বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে ঠিক সে সময়ে ইসরায়েল ঘোষণা দিয়েছে, বয়স্ক ও ঝুঁকিতে থাকা নাগরিকদের সুরক্ষা দিতে টিকার চতুর্থ ডোজ দেবে দেশটি। ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তি, স্বাস্থ্যসেবায় নিয়োজিত এবং যেসব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদেরকে এই চতুর্থ ডোজ দেওয়া হবে। দেশটির করোনাভাইরাস বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশক্রমে প্রধানমন্ত্রী অফিস এই ঘোষণা দেয়।

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, দারুণ খবর। সময় নষ্ট না করে টিকা নিতে যান। মহামারি মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টায় বরাবরই সামনের সারিতে দাঁড়িয়ে পদক্ষেপ নিচ্ছে ইসরাইল। বিশ্বে ইসরায়েলি নাগরিকরাই সবার আগে টিকার তৃতীয় ডোজ নিয়েছিল এবং তার ধারাবাহিকতায় চতুর্থ ডোজ নেওয়ার ক্ষেত্রেও আমরাই অগ্রদূত হিসেবে থাকছি। খবর সিএনএনের।

যারা চতুর্থ ডোজের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে তৃতীয় ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এই ডোজ দেওয়া হবে। এছাড়া চতুর্থ ডোজ প্রদান সংক্রান্ত এক ঘোষণায় বলা হয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশক্রমে দ্বিতীয় ডোজের পর তৃতীয় ডোজ নেওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধানও কমিয়ে আনা হবে। আগে দ্বিতীয় ডোজ নেওয়ার পাঁচ মাস পর তৃতীয় ডোজ নেওয়া হতো। এখন সেটা কমিয়ে তিন মাস করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ওই বিশেষজ্ঞ প্যানেলের সদস্য গালিয়া রাহাভ ইসরায়েল রেডিওকে বলেন, চতুর্থ ডোজ দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। আমাদের হাতে এখনো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কোন পর্যায়ে সেই ব্যাপারে কোনো তথ্য নেই। তৃতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেও এই তথ্য ছিল না। কিন্তু এই ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশের তথ্য খুবই ভীতিকর।

তিনি বলেন, এই রকম মুহূর্তে যদি আপনি তাৎক্ষণিক পদক্ষেপ না নেন তাহলে ট্রেনটি মিস করবেন।