গান্ধী ও ইসলামের বিরুদ্ধে মন্তব্য, ভারতে হিন্দু নেতার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক।।
মহাত্মা গান্ধীর মানহানি এবং তার হত্যাকারীর প্রশংসা করায় ভারতের মহারাষ্ট্রের এক হিন্দু নেতার বিরুদ্ধে পুলিশের কাছে মামলা দায়ের হয়েছে। ছত্তিশগড়ের রায়পুরে এক ‘ধর্ম সংসদে’ রবিবার (২৬ ডিসেম্বর) এই হিন্দু নেতা ইসলামের বিরুদ্ধেও মন্তব্য করেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

সাধু কালিচরণ মহারাজের বিতর্কিত বক্তব্যের জেরে ধর্ম সংসদের প্রধান পৃষ্ঠপোষক মহান্ত রামসুন্দর দাস ক্ষোভে মঞ্চ ছেড়ে চলে যান। সাবেক মেয়র প্রমোদ দুবে অভিযোগ দায়েরের পর কালিচরণ মহারাজের বিরুদ্ধে সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

হিন্দু ধর্মের ওই নেতার বিরুদ্ধে মানহানি মামলারও আহ্বান জানিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দল কংগ্রেসের রাজ্য প্রধান মোহন মারকাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কালিচরণ মহারাজ তার বক্তব্যে বলছেন, ইসলামের লক্ষ্য হলো রাজনীতির মাধ্যমে পুরো দেশ দখল করে নেওয়া। তিনি আরও বলেন, ‘মোহনদাস করমচাঁদ গান্ধী দেশ ধ্বংস করেছেন… তাকে হত্যা করা নথুরাম গডসেকে স্যালুট।’ তিনি হিন্দুত্ববাদ রক্ষায় কট্টর হিন্দু নেতা নির্বাচন করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান।

তার এই বক্তব্যে তাৎক্ষণিক প্রতিবাদ জানান ছত্তিশগড়ের দুবাধারী মন্দিরের মহান্ত রামসুন্দর দাস। তিনি বলেন, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন মহাত্মা গান্ধী আর তার বিনিময়ে এই ধরনের নিপীড়নমূলক মন্তব্য পেতে পারেন না তিনি।

রামসুন্দর দাস বলেন, ‘এই মঞ্চ থেকে মহাত্মা গান্ধীকে অপমান করা হয়েছে আর আমি এর বিরোধিতা করেছি। এটা সনাতন ধর্ম নয়, এমনকি ধর্ম সংসদের মতো প্ল্যাটফর্মে এই ধরনের ঘটনা হওয়া উচিত হয়নি।’ তিনি বলেন, ‘এই দেশে যেখানে ৩০ কোটি মুসলিম বাস করে, ২৫ কোটি খ্রিষ্টান বাস করে, সেটি আপনারা বললেই কী হিন্দু রাষ্ট্র হয়ে যাবে?’